সারাদেশে তীব্র জ্বালানি সংকটের মধ্যে নাটোরের গুরুদাসপুরে প্রায় অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে তিনি এ কর্মসূচি পালন করেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাইয়েস ও প্রাইভেটকারসহ প্রায় ৫০টি গাড়ির বহর বের করা হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে তার সমর্থকেরা প্রার্থিতা ঘোষণা ও ভোট চেয়ে স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুঃসময়ে তিনি দলের জন্য অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করছেন। আর মাসুদ রানা দলের ত্যাগী কর্মী হিসেবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই গাড়ি বহরের আয়োজন করেছেন তিনি। তবে বর্তমান সময়ে সারাদেশে জ্বালানি সংকট চলমান রয়েছে। এমন সময়ে জ্বালানি তেল ব্যবহার করে এভাবে গাড়ি বহর না করায় উত্তম ছিল তার জন্য। কারণ বর্তমান সরকার জ্বালানি তেল সাশ্রয়ে বিভিন্ন সাশ্রয়ী নীতি মেনে চলছে। অথচ এমন সংকটময় সময়ে শুধুমাত্র ছাত্রদল নেতা হওয়ায় এমন কর্মকাণ্ড এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ সময় তার বিবেচনা করা উচিত ছিল।
ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিক বলেন, ঈদের পরই কর্মসূচিটি করার পরিকল্পনা ছিল এবং গাড়ির ভাড়াও আগেই পরিশোধ করা হয়েছিল। তিনি দাবি করেন, শোডাউনে ব্যবহৃত অধিকাংশ গাড়িই এলপিজি ও সিএনজিচালিত, ডিজেল বা পেট্রোলচালিত নয়। ডিজেল বা পেট্রোলের গাড়ি হলে তিনি কর্মসূচি বাতিল করতেন বলেও জানান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, এটা দেখার পর আমি তাকে ফোন করলেও রিসিভ হয়নি। আমরা কেন্দ্রকে বিষয়টি জানাব। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া গেলে অবশ্যই তা নেওয়া হবে।