হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপির এক নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য মো. আকরাম হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ বিকেলে ভারত থেকে এলসির মাধ্যমে আমদানিকৃত প্রায় ১০ টন কমলা দুইটি ট্রাকে করে ঢাকার উদ্দেশে পাঠানো হচ্ছিল।
ট্রাক দুইটি গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা মাসুক মিয়া, ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা মিশু মিয়াসহ ২০-২৫ জন ট্রাকের গতিরোধ করে চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা এক লাখ টাকা দাবি করলে পরে ৭০ হাজার টাকা দিলে ট্রাক ছেড়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মাসুক মিয়া (২৪)।
ভুক্তভোগী আকরাম হোসেন বলেন, বৈধ কাগজপত্রে ব্যবসা করা সত্ত্বেও রাজনৈতিক পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবি করা হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা মাসুক মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।