Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক সমিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে সমিতিতে অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমের ১০ সাংবাদিক গুরুতর আহত হন।

 

তবে হামলার ঠিক আগমুহূর্তে শুধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের তিনটি সিসিটিভি ছাড়া ক্যাম্পাসের সব সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়।

 

এ বিষয়ে সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমি তাৎক্ষণিক আইটি পরিচালককে বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এটি টেকনিক্যাল সমস্যা হয়েছে।

 

এ বিষয়ে জানতে আইটি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আইটির টেকনিশিয়ান সৈকত বলেন, আমি শুনেছি ফাইবার তার কেটে যাওয়ায় সব সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

আরেক টেকনিশিয়ান শামিম বলেন, হঠাৎ বেলা ১টার কিছুক্ষণ পর ক্যাম্পাসের সব সিসিটিভি বন্ধ হয়ে যায়। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাউন্ডে সিসিটিভি মূল ফাইভার তার কেটে দেওয়া হয়েছে। সেটা ঠিক করার চেষ্টা করছি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক সূত্র জানায়, হামলা শুরুর আগে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক সুমন সরদার আইটি দপ্তরে গিয়ে আইটি পরিচালকের সহায়তায় ক্যাম্পাসের সব সিসিটিভি বন্ধ করে দেয়। এটা বন্ধ করার পরই সমিতিতে হামলা শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ ব্যাপারে সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, সমিতিতে হামলার পর আমি উপাচার্যের কার্যালয়ে গেলে সেখানে স্ক্রিনে ক্যাম্পাসের সব সিসিটিভির ফুটেজ বন্ধ দেখতে পাই। তখনই আমি উপাচার্যকে জিজ্ঞেস করি সিসিটিভির ফুটেজ কেন বন্ধ। উপাচার্য কোনো সদুত্তর দিতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সমিতিতে হামলার কিছুক্ষণ আগেই ক্যাম্পাসের সব সিসিটিভি বন্ধ। তার মানে আমরা কি ধরে নিতে পারি, সমিতিতে এ হামলার ঘটনায় প্রশাসনেরও কেউ কেউ জড়িত ছিল?

 

উল্লেখ্য, সাংবাদিক সমিতির নির্বাচন-২০২৬ উপলক্ষে গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সদস্য আহ্বান করা হয়। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুস সালাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. রাশিম মোল্লাকে নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গত ২ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

 

এর এই অংশ হিসেবে আজ মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কয়েক দিন ধরেই নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করে আসছিল ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু কমিশন সব চাপ উপেক্ষা করে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিলে আজ দুপুরে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী সমিতির কার্যালয়ে এসে অবস্থানরত সাংবাদিকদের ওপর হামলা চালায়।