মাগুরায় কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ কয়েকজন নেতাকর্মী এসে কার্যালয় খুলে পতাকা উত্তোলন করে কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
এ ঘটনার পরপরই বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে অফিসের ভেতর থাকা বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ।
তিনি বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।