ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘আমাকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, হাসপাতালে চিকিৎসায় রোগীদের সেভাবে গুরুত্ব দেবেন’। ‘রোগীরা একটু ভালো সেবা পেলে তারা খুশি হয় এবং দ্রুত সেরে উঠেন’। ‘গ্রামের অসংখ্য অসহায় ও হতদরিদ্র মানুষ আছেন, যারা অর্থাভাবে শহরে চিকিৎসা নিতে পারে না, তাদের ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’। আপনাদের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে।
রবিবার (১ মার্চ) ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. শাহ আসাদুজ্জামান, মেডিক্যাল কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় শেষে সংসদ সদস্য ৫১ শয্যা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের আঙ্গুর, খেজুর, আনার, পেয়ারাসহ বিভিন্ন ফল দিয়ে সাজানো একটি করে ফলের বক্স উপহার দিয়েছেন।