Image description

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারস্য উপসাগরের অপর পারের দেশগুলোর সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, তাদের সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সুপ্রতিবেশীসুলভ সম্পর্কগুলো আমরা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আরাঘচি। এ সময় তিনি খামেনির হত্যার পর নির্বাচন প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরেছেন।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুধু আত্মরক্ষার জন্য কাজ করছি। আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ নেওয়াই একমাত্র আমাদের লক্ষ্য। আমরা আমাদের ভাইদের আক্রমণ করছি না, প্রতিবেশীদের ওপর হামলা করছি না। কিন্তু আমরা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছি।

 

আরাঘচি বলেন, আপনারা জানেন আয়াতুল্লাহ খামেনি কেবল ইরানের রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং ইরানের বাইরেও তিনি নেতা ছিলেন। এই অঞ্চলের লাখ লাখ মুসলমানের জন্য একজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা ছিলেন তিনি।

 
 

 

খামেনির হত্যার পর নির্বাচন প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আমাদের সংবিধানে একটি নির্ধারিত পদ্ধতি আছে। এখন সেই প্রক্রিয়া শুরু করেছি। আজ ট্রানজিশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। এই কাউন্সিল প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদকে নিয়ে গঠিত হয়েছে।

 

তিনি বলেন, তিনজনের এই দলটি নতুন নেতা নির্বাচিত হওয়ার আগে নেতৃত্বের দায়িত্বে থাকবে, তারপর বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আমার ধারণা, এতে খুব অল্প সময় লাগবে। হয়তো এক বা দুই দিনের মধ্যে তারা দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচন করবে।

 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। সবকিছু আমাদের আইনি ব্যবস্থা এবং সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

 

তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ‘একটি অত্যন্ত গুরুতর এবং অভূতপূর্ব কাজ। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

 

এই যুদ্ধ শত্রু পক্ষের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই যুদ্ধে কোনো জয় নেই। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। যতক্ষণ তারা চলতে থাকবে, ততক্ষণ তারা কিছুই অর্জন করতে পারবে না।

 

আরাঘচি বলেন, এই যুদ্ধ আমাকে গত বছরের ১২ দিনব্যাপী যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। আমি এবারের যুদ্ধ এবং আগের বারের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। যতক্ষণ সময় লাগে আমরা প্রতিরোধ করব এবং তারা ফলাফল দেখতে পাবে।