তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইরানে মার্কিন-ইসরায়েল হামলার পর মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে নিপতিত হতে পারে। আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এরদোয়ান বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা ইস্যুতে তুরস্ক গভীর দুঃখ পেয়েছে। এ হামলা নেতানিয়াহুর উসকানির কারণে হচ্ছে।
ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার নিন্দা করছে তুরস্ক। এটা স্পষ্টতই দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন। এ হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের শান্তির জন্য হুমকি স্বরূপ।
এরদোয়ান বলেন, কারণ যাই হোক না কেন, আমরা পারস্য উপসাগরীয় অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করি।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যদি কূটনীতিকে সুযোগ না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্য ‘অগ্নিকুণ্ড’ নিপতিত হতে পারে। এখন আরও রক্তপাত বন্ধ করতে হবে। আমাদের মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরও বেশি দুর্ভোগ থেকে রক্ষা করতে, সমস্ত পক্ষকে—বিশেষ করে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
এরদোয়ান আরও বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আঙ্কারা অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে।