মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ দুই আন্দোলনকারীর স্ত্রী। দুই সাক্ষী হলেন শহীদ আশরাফুল ইসলামের স্ত্রী মোছা. লাবনী আক্তার ও শহীদ সুরুজ আলীর স্ত্রী মোছা. ফাহিমা খাতুন।
রবিবার (১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দেওয়া সাক্ষ্যে দুই সাক্ষীই তাদের স্বামীর মৃত্যুর জন্য মামলার চার আসামিকে দায়ী করেন। তারা স্বামী হত্যার বিচার চান।
হানিফ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সব আসামিই পলাতক।
নিজেকে গৃহিণী পরিচয় দিয়ে শহীদ আশরাফুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার সাক্ষ্যে বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় আন্দোলনে যোগ দিতে আমার স্বামী আশরাফুল বাড়ি থেকে বের হন।
শহীদ সুরুজ আলীর স্ত্রী ফাহিমা খাতুন সাক্ষ্যে বলেন, ‘আমার স্বামী সুরুজ আলীর স্বর্ণের দোকান ছিল। আমি গৃহিণী। দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আমার স্বামী আন্দোলনে যোগ দেন। সেদিন ৩টার দিকে আমাকে ফোন দিয়ে জানান, তিনি বার্মিজ গলির সামনে আন্দোলনে আছেন।