নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে পরিবর্তনের আভাস মিলেছে । মহাপরিদর্শকসহ ( আইজিপি ) গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে । তবে আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আপাতত সব স্তরে ঢালাও বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
নতুন সরকারের ভাবনা অনুযায়ী , পদায়ন ও দায়িত্ব প্রদান হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে । সেখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে । নির্বাচনের পর কিছু ইউনিটে অভ্যন্তরীণ বদলি হলেও তা হবে নিয়মমাফিক ও পর্যায়ক্রমিক । রাজনৈতিক কারণে সব স্তরে গণহারে বদলির যে চর্চা আছে , তা অনুসরণ করা হবে না ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে । সরকার গঠনের পর প্রথম কর্মদিবস গত বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একান্ত বৈঠকে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেন , ‘ কে কোন দলের ভোট দিয়েছেন , সেটা ভুলে যান । আজ থেকে আপনারা সবাই দেশের মানুষের জন্য কাজ করুন ।
’স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় , আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ ( ডিএমপি ) কমিশনার , র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব ) মহাপরিচালক , পুলিশের বিশেষ শাখার প্রধান , অতিরিক্ত আইজিপি ( প্রশাসন ) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ( সিআইডি ) প্রধানসহ বেশ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আসছে । তবে ডিআইজি , এসপি ও থানার ওসিদের বদলির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । আপাতত এসব পদে বদলি করা হবে না বলে জানা গেছে । বিএনপি সরকার গঠন করার পর থেকেই পুলিশের শীর্ষ পদগুলোতে কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে । ব্যাপক আলোচনা চলছে ।
পুলিশের কোন কোন পদে পরিবর্তন আসছে , জানতে চাইলে এ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । তবে পুলিশপ্রধান বাহারুল আলম আজকের পত্রিকাকে বলেছেন , তিনি নিজ দায়িত্ব থেকে সরে যাচ্ছেন । এ ছাড়া কিছু গুরুত্বপূর্ণ পদে পদায়ন বিষয়ে আলোচনা চলছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায় , আইজিপি ও ডিএমপি কমিশনারের পদে নতুন নিয়োগের জন্য প্রয়োজনীয় ফাইল ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে । নতুন আইজিপি ও কমিশনার দায়িত্ব নিলে বাকি শীর্ষ পদগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই পদায়নের প্রক্রিয়া দেখা হচ্ছে ।
পুলিশ কর্মকর্তাদের মধ্যকার আলোচনা অনুযায়ী , শীর্ষ ছয় পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা থাকা কর্মকর্তাদের মধ্যে আছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা , আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির , সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ , র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান , চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ , রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান , র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ , পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন , গত সরকারের শেষ দিকে অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অবসরপ্রাপ্ত সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ ।
পুলিশের ভেতরের সূত্র জানিয়েছে , আইজিপি , ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই তদবির শুরু হয়েছে । নিয়োগপ্রার্থীরা বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন । অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তদবির করছেন । যদিও সরকারের পক্ষ থেকে কাউকে বিশেষ সুবিধা বা প্রশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের বলেছেন , শীর্ষ পদগুলোতে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে । এদিকে এখনো ভঙ্গুর থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তা , কর্মীদের আপাতত ঢালাও বদলি করা হচ্ছে না । বর্তমানে দায়িত্বে থাকা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের তাঁদের অবস্থান থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলা হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের পদস্থ এক কর্মকর্তা বলেন , গণ- অভ্যুত্থানের পর অনেক পুলিশের নামে মামলা হয়েছে , কেউ আত্মগোপনে চলে গেছেন । এরপর আবার গণহারে বদলির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল ।
গত ১৭ মাসে পুলিশ পরিস্থিতি স্থিতিশীল করতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে । সরকার চায় এখন এই ছন্দ ভেঙে না যাক । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রায় একই মন্তব্য করেছেন । গত বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা বলেন , শীর্ষ পর্যায়ের পদায়ন ছাড়া অন্য কোনো বদলির বিষয়ে আপাতত আলোচনা নেই । রদবদল বিষয়ে সরকার সুনির্দিষ্ট একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ।
খোঁজ নিয়ে দেখা গেছে , কিছু জেলায় নির্বাচন - পরবর্তী নিয়মিত বদলি কার্যক্রম শুরু হয়েছে । সর্বশেষ গত বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশ মাঠপর্যায়ের এসআই পদমর্যাদার ১৬ জন কর্মকর্তার থানা বদল করেছে । তবে জেলা পুলিশ বলছে , এই বদলি সম্পূর্ণ নিয়মমাফিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । সরকার পরিবর্তনের পর পুলিশের সার্বিক বদলি ও পদায়ন নিয়ে জানতে চাইলে সাবেক পুলিশ মহাপরিদর্শক ( আইজিপি ) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন , ‘ নতুন সরকার যদি পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে চায় , তবে বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার জরুরি । এতে আইনশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিকভাবে উন্নত হবে এবং তার ইতিবাচক প্রভাব সরকার ও সাধারণ মানুষ উভয়ের কাছেই অনুভূত হবে । ”