কিংবদন্তি অভিনেতা সোহেল রানা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীকে মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদেরকে প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই। ডিপার্টমেন্টের কোনো সংবাদ ওই ডিপার্টমেন্টের কোন মুখপাত্র দিলেই চলবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এসব কথা বলেন তিনি।
সোহেল রানা বলেন, বিশেষ প্রয়োজনে তাদের আসার প্রয়োজন হলে আপনার সঙ্গে কথা বলে তাদেরকে (মন্ত্রীদের) প্রেসের সম্মুখে যাবার অনুমতি দেওয়া যেতে পারে। সব স্টেপ জাম্প করে নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের উপর এবং আপনার উপরও বর্তাবে।
তিনি বলেন, এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।