Image description
বরিশাল

বরিশাল বিভাগের ছয় জেলায় ২১টি সংসদীয় আসনে মোট দুই হাজার ৮৩৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অর্থাৎ প্রতি দুটি কেন্দ্রের একটির নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দরকার। আর তার জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।

 জানা গেছে, সব কেন্দ্রের মধ্যে ২৩৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। আবার ৩৪টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রই সবচেয়ে বেশি ঝুঁকির তালিকায় রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে,  বরিশাল জেলায় ৮৩৩টি ভোটকেন্দ্রের ১৯৬টি গুরুত্বপূর্ণ ও ২১২টি অতি গুরুত্বপূর্ণ।

জেলায় প্রায় ৪৯ শতাংশ কেন্দ্র ঝুঁকির তালিকায় রয়েছে। মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদী ও বাকেরগঞ্জ বাকেরগঞ্জ উপজেলার কিছু অংশ ভৌগোলিক কারণেই দুর্গম। ঝালকাঠিতে ২৩৭টি কেন্দ্রের ৫০টি অতি গুরুত্বপূর্ণ ও ৮৩টি গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ৫৬ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

পিরোজপুরে ৪১৮টি কেন্দ্রের ১৯৫টি ঝুঁকিপূর্ণ। বরগুনায় ৩১২টি কেন্দ্রের ১৪৪টি গুরুত্বপূর্ণ। পটুয়াখালীতে ৫১৩টি কেন্দ্রের ৩১৫টি গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। ভোলায় ৫২৫টি কেন্দ্রের মধ্যে ২৫৩টি ঝুঁকিপূর্ণ।  জানা গেছে, ভোলা, পটুয়াখালী ও বরগুনার উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।

প্রয়োজনে আকাশপথে নজরদারির জন্য বিশেষ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ছয়টি করে ও কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুটি করে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক রফিকুল আলম বলেন, এই প্রস্তুতি কতটা কার্যকর হবে, তা ভোটের দিনই বোঝা যাবে। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ জানান, নির্বাচনের সময় মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানো হচ্ছে।