Image description
সিলেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের দুই হাজার ৬৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, প্রশাসনের ভাষায় যেগুলোকে ঝুঁকিপূর্ণ না বলে ‘অতি গুরুত্বপূর্ণ’ বলা হচ্ছে। এর মধ্যে সিলেট জেলায়ই রয়েছে ১৯৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। বাকি তিনটি জেলায় রয়েছে ১৬৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারূল হক।

তিনি বলেন, ‘সিলেট বিভাগে দুই হাজার ৬৪৩টি ভোটকেন্দ্র রয়েছে। এগুলোকে আমরা তিনভাবে ভাগ করেছি। এর মধ্যে ৩৬৩টি অতি গুরুত্বপূর্ণ, ৯০০টি গুরুত্বপূর্ণ এবং এক হাজার ৩৮০টি সাধারণ কেন্দ্র রয়েছে।’ এসব কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে সিলেট জেলার ১০৩টি এবং সিলেট মহানগর এলাকার ৯৫টি কেন্দ্র রয়েছে। সিলেটের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র এক হাজার ১৬টি।

এসব আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে বলে জানিয়েছে। নগর পুলিশের আওয়ায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জানা গেছে, ভোটের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে সিলেট বিভাগে।

এখানে চলছে জয়-পরাজয়ের নানা হিসাব নিকাশ। ভোটার, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলাপকালে জানা গেছে, এই বিভাগের ১৯টি আসনের মধ্যে কম হলেও ১০টিতে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ছয়টি আসনের তিনটি, সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের তিনটি, মৌলভীবাজার জেলার চারটি আসনের তিনটি এবং হবিগঞ্জ জেলার চারটি আসনের একটিতে জয় পেতে শক্ত লড়াই করতে হবে প্রার্থীদের।