Image description
চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগে রয়েছে ৫৮টি সংসদীয় আসন। এসব আসনে সাত হাজার ৩৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে এক হাজার ৪৩৬টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডিওর্ন ক্যামেরা ব্যবহারসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বিভাগের বিভিন্ন জেলায় ঝুঁকি কমানোর ব্যবস্থা নিতে প্রস্তুতি রয়েছে প্রশাসনের। বিভাগের আসনগুলোর মধ্যে চট্টগ্রাম নগরী ও জেলা মিলিয়ে ১৬টি সংসদীয় আসনে ভোট পরিস্থিতি কেমন হবে তা নিয়ে ভোটার, পর্যবেক্ষকদের আগ্রহও বাড়ছে। নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য মতে, চট্টগ্রাম বিভাগের ৫৮টি সংসদীয় আসনের সাত হাজার ৩৫৯টি কেন্দ্রের এক হাজার ৪৩৬টিকে অতি গুরুত্বপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ, তিন হাজার ৫৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও দুই হাজার ৩৮৭টিকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ কালের কণ্ঠকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য মতে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের এক হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এক হাজার ৩৪১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরীতে ৪০০টি বডিওর্ন ক্যামেরা থাকবে।
 
এ ছাড়া টহল পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবসহ বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সিরাজুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের গুরুত্ব অনুসারে, দুই থেকে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরেও ১২৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম জেলায় ৯৯৯টি বডিওর্ন ক্যামেরা থাকবে। জেলা ও সিএমপি পুলিশ সূত্র জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে।