Image description
 

মালয়েশিয়ার সেরেমবান শহরের একটি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অবশিষ্ট রান্না করা খাবার ধুয়ে পুনরায় পরিবেশনের প্রস্তুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩ ফেব্রুয়ারি মধ্যরাতের পর রেস্তোরাঁটির পেছনে এক কর্মীকে মুরগি, খাসির মাংস ও বিনস ধুতে দেখা যায়। প্রথমে প্রশ্ন এড়িয়ে গেলে পরে ওই কর্মী স্বীকার করেন, খাবারগুলো পরদিন আবার রান্না করে পরিবেশন করা হবে। ভিডিওতে দেখা যায়, ঝোল ধুয়ে ফেলে খাবারগুলো আলাদা ট্রেতে রাখা হচ্ছে।

এই ঘটনা দ্রুত ভাইরাল হলে স্বাস্থ্যবিধি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, এক কর্মীর মন্তব্য ‘এতে কোনো ঝুঁকি নেই’ জনমনে আরও ক্ষোভ সৃষ্টি করেছে।

 

ভোক্তা সংগঠনগুলো বলছে, খরচ কমানোর প্রবণতাকেই এর মূল কারণ হিসেবে দেখা যায় এবং এ ধরনের অনৈতিক চর্চা রোধে কঠোর নজরদারি জরুরি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ থাকবে।