Image description
 

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সী সন্তান নিহত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোসা. জান্নাতী (৩৫), এবং তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ। নিহত জান্নাতী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি তার স্বামী শামীম হোসেনকে নিয়ে বর্তমানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার তিস্তারগেইট এলাকায় নূরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের শিলমুন এলাকায় আকিজ বেকারির পেছনে রেলওয়ে লাইনের ওপর ঢাকা-ভৈরবগামী একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী ও তার শিশুসন্তান মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাতী তার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে রেললাইন পার হওয়ার সময় অথবা অসতর্কতাবশত রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মা ও শিশু নিহত হন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ও রেলওয়ে পুলিশ (জিআরপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রেলওয়ে ফাঁড়ির পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম শুরু করে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শীর্ষনিউজ