Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচনে সারা দেশে এক লাখ আট হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রোববার থেকে কাজ শুরু করবেন।

১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবেন বলেও জানান তিনি।

এছাড়া পোস্টাল ভোটে ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথাও জানান তিনি। দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন, তার ৯৪ শতাংশই পুরুষ ভোটার বলেও জানান।

এই ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজারের মতো দেশি পর্যবেক্ষক এবং ১২০ জনের মতো বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, নির্বাচনি কর্মকর্তা এবং সুরক্ষা কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করবেন, যার মাধ্যমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর রাখা হবে। সূত্র: বিবিসি বাংলা