Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ সোনাগাজী-দাগনভূঞা আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ফেনী-৩ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

নোটিশে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিক তার নির্বাচনী পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের পূর্বে ডা. পদবি ব্যবহার করছেন। অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে উল্লেখ করেননি।

 

নোটিশে আরও জানানো হয়, প্রকৃতপক্ষে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডা. পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং এটি নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

 
 

এমতাবস্থায়, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

নোটিশে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে প্রার্থীর অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

নোটিশটি অতিসত্বর জারি করে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দাগনভূঞা থানার কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।