Image description
কুমিল্লা ও রাজশাহীতে হামলা-সংঘর্ষ

নির্বাচনি তৎপরতা নিয়ে কুমিল্লার বরুড়া ও রাজশাহীর বাগমারায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত ও একজন আটক হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-

কুমিল্লা : কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল আলম হেলালের প্রচারের সময় তার গাড়িবহরে বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। গতকাল বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতের পাঁচ কর্মী আহত হয়েছেন। জামায়াতের প্রার্থী হেলালের দাবি, হামলাকারীরা এ আসনের বিএনপি প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের অনুসারী।

স্থানীয় সূত্র ও জামায়াত নেতারা জানান, জামায়াত প্রার্থী হেলাল বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ারসংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালায়। তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে।

প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে বিএনপি প্রার্থীর কর্মীরা পরিকল্পিতভাবে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।’

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, ‘আমি একটি সমাবেশে আছি, ওই স্থানে জামায়াতের প্রচারকালে আমাদের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে শুনেছি। দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ সঠিক নয়।’

রাজশাহী : রাজশাহীর বাগমারায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে বিএনপির কর্মী শান্ত ও আবদুল হামিদ বাগবাজারে যান এবং জামায়াতের কর্মী বল্টু মিয়াকে দাঁড়িপাল্লার ভোট করতে বারণ করেন। এ সময় বল্টু মিয়ার সঙ্গে বিএনপির কর্মী শান্ত হোসেনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শান্ত হোসেন ও আবদুল হামিদ জামায়াত কর্মী বল্টুর ওপর হামলা চালায়। খবর পেয়ে বল্টুর চাচা মোজাম্মেল হক সেখানে হাজির হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোজাম্মেল হক ও বল্টু আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত বিএনপি কর্মী শান্ত হোসেনকে গ্রেপ্তার করে।

নোয়াখালী : নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে বিএনপি কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযান উঠেছে। বুধবার বিকালে আলাইয়ারপুর ইউনিয়নের কাজীবাড়ির দরজায় এ ঘটনা ঘটে। হামলায় এনসিপির জেলা জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ ও কর্মী জাহিদ, হৃদয়, অনিক, অপূর্ব, সাইফ ও নজরুল ইসলাম সাগর আহত হয়েছেন। এর মধ্যে জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি সামছুজ্জামান জানান, উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত প্রার্থীর পক্ষে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।