৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়, সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, একটি প্যাকেজকে অবৈধভাবে আটটি প্যাকেজে ভাগ করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয় এবং এ কাজে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।
তদন্তে দেখা যায়, বিভাজিত আটটি প্যাকেজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে যে বিল পরিশোধ করা হয়েছে, তার বিপরীতে বাস্তবে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, এসব কর্মকাণ্ড সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির শামিল। এ কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।