Image description

বেলুচিস্তানে সহিংসতা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে। পাকিস্তানের সেনা বলেছে, গত সপ্তাহে বেলুচিস্তানে সন্ত্রাসবাদীরা ব্যাংক, নিরাপত্তা বাহিনীর শিবির, ভবন, স্কুলে হামলা চালায়। এতে ৫০ জন নিহত হয়েছেন।

এরপর দেশটির সেনাবাহিনী ও পুলিশ ১৭৭ সন্ত্রাসীকে হত্যা করেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই ঘটনার দায় স্বীকার করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতীয় এজেন্ট ও তাদের সাহায্যকারীদের নির্মূল করে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, পাকিস্তানের সরকার ও সেনা অভিযোগ করেছে, বিএলএ ভারতের কাছ থেকে সাহায্য পায়। তবে তারা কোনও তথ্যপ্রমাণ দেয়নি।   

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি। এটা তাদের সাধারণ কৌশল, তাদের কোনও অভ্যন্তরীণ ব্যর্থতা হলেই দৃষ্টি অন্যদিকে ঘোরাবার চেষ্টা করা হয়।

 

তিনি বলেন, তাদের উচিত তোতাপাখির মতো এই ধরনের অসার অভিযোগ না করে ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া। পাকিস্তানের বর্বরতা, মানবাধিকার লঙ্ঘন, দমননীতি সম্পর্কে সকলেই জানে।'