Image description
 

কক্সবাজারের রামুতে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার সময় নিজ খামার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা তাকে খামারের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, বড় ভাইয়ের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি করছি।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করা হয়েছিল। আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।