চিকিৎসার উদ্দেশে ২০২৪ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার। ওই বছর ১২ মে কলকাতায় পৌঁছে তিনি বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। এরপর ১৮ মে গোপাল বিশ্বাস কলকাতায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তখন বাংলাদেশ ও ভারতের পুলিশ তদন্ত শুরু করে। ২২ মে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে, আনারকে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার লাশ খণ্ড খণ্ড করে ছড়িয়ে দেওয়ার প্রমাণও তখন পায় পুলিশ।
পুলিশ বলছে, কলকাতার সঞ্জীবা গার্ডেনে খুন হওয়া ব্যক্তি আনারের বলে ধারণা করা হলেও তা ভারতীয় পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। কারণ ২০২৪ সালের নভেম্বরে নিখোঁজ আনোয়ারুলের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন ভারতে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে এসেছিলেন। কিন্তু গত দুই বছরেও ডিএনএ প্রতিবেদন হাতে পাননি মামলার তদন্তকারী কর্মকর্তা। এ জন্য এখন পর্যন্ত তিন দফা ইন্টারপোলের দাপ্তরিক ব্যুরো এনসিবি-ঢাকা (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) চিঠি দিয়েছে এনসিবি-দিল্লিকে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (মেট্রো দক্ষিণ) পরিদর্শক এসএম আওরঙ্গজেব আগামীর সময়কে বলেছেন, ‘মামলাটি এখনো হত্যা মামলা বলা ঠিক হবে না। কারণ এখনো আনুষ্ঠানিকভাবে আমরা নিশ্চিত নই সঞ্জীবা গার্ডেনে পাওয়া মরদেহ আনোয়ারুল আজিমের। তার মেয়ে ভারতে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসলেও আমরা এর প্রতিবেদন পাইনি। গত আগস্টের আগেও পুলিশ সদর দপ্তরের মাধ্যমে দুই দফা চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে। আগামী জানুয়ারিতে আবার চিঠি পাঠানো হবে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বললেন, গ্রেফতার সাতজনের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তবে শাহীনকে গ্রেফতার করতে পারলে আরও তথ্য বেরিয়ে আসত। আনোয়ারুল আজিম এবং শাহীনের সঙ্গে ঘনিষ্ট ব্যক্তিদের বিষয়ে কাজ চলছে। তদন্তের স্বার্থে অনেক কিছু এখনই বলা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, বহুল আলোচিত এই ঘটনার পেছনে রাজনৈতিক, ব্যবসায়িক এবং ব্যক্তিগত দ্বন্দ জড়িত। পরিকল্পনার অংশ হিসেবেই আনারকে ভারতে নেওয়া হয়েছিল। তবে আনার নিখোঁজের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে মো. আক্তারুজ্জামান ওরফে শাহিনের ঘনিষ্ট বন্ধু দীলিপ আগারওয়ালের নাম উঠে আসে। রহস্যজনক কারণে অনেকটা ধরাছোঁয়ার বাইরে থাকলেও দীলিপ আগারওয়াল গত ১৯ অক্টোবর সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয় ঘটনার প্রায় এক মাস আগে। হত্যার জন্য পাঁচ কোটি টাকায় চুক্তি করেন মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মো. আক্তারুজ্জামান ওরফে শাহিন। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছিল, সেটিও ভাড়া নেন তিনি। হত্যার প্রস্তুতি নিতে অন্তত পাঁচজন আগে থেকেই কলকাতায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন ঘটনার ১৩ দিন আগে এবং দুজন আরও আগে বাংলাদেশ ছাড়েন। ২০২৪-এর ৩০ এপ্রিল আক্তারুজ্জামান আমানুল্লাহ ও শিলাস্তি রহমানকে নিয়ে ওই ফ্ল্যাটে যান। পরে ১০ মে তিনি বাংলাদেশে ফিরে এলেও অন্যরা সেখানেই থেকে যান। ১২ মে কলকাতায় যাওয়ার পর আনারকে কৌশলে ওই ফ্ল্যাটে নেওয়া হয়। সেখানেই তাকে হত্যা করে মরদেহ কয়েক টুকরা করে ব্যাগে সরিয়ে ফেলা হয়েছে।
তখন পুলিশ বলেছিল, এমপি আনার হত্যার ‘হোতা’তার বাল্যবন্ধু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা শিমুল।
ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তখন বলেছিলেন, সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকরো করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয়। পরে কলকাতার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠায় পুলিশ।
আনার নিখোঁজের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অপহরণ মামলা করেন তার মেয়ে ডরিন। এ ছাড়া একই ঘটনায় তখন ভারতেও একটি মামলা হয়।
আলোচিত এ মামলায় গ্রেপ্তার হয়েছেন এক সময়ের চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া, সহযোগী শিলাস্তি রহমান, মো. মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও একই কমিটির সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু।
চব্বিশের অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মামলার তদন্তে ভাটা পড়ে। মিন্টু ছাড়া বাকি আসামিরা একে একে জামিনে বেরিয়ে আসেন। সবশেষ গত ১১ সেপ্টেম্বর আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলায় ভারতের কারাগারে বন্দি আছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন।
এদিকে সম্প্রতি আনারের মেয়ে ডরিনকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ২৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল।
আনোয়ারুল আজিমের বড় ভাই মো. আবেদ আগামীর সময়কে বলেছেন, ‘আমার ভাতিজি কিংবা ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে আমার অনেকদিন যোগাযোগ নেই। তবে আনারকে পরিকল্পনা করে খুন করা হয়েছে এটা নিশ্চিত। কারন সে ৫৫ কোটি টাকা দিয়েছিলো শাহীনকে। তবে শাহীন, আনার এবং দীলিপ আগারওয়াল ঘনিষ্ট বন্ধু ছিল। এখন তদন্তকারী কর্মকর্তাই খুঁজে বের করবেন কেন আনারকে মেরে ফেলা হয়েছে।’
তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, স্বর্ণ চোরাচালান ও হুন্ডির মতো আন্তঃদেশীয় অবৈধ ব্যবসার দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যার পর আনারের মোবাইলফোন ব্যবহার করে দিল্লি যাওয়ার কথা জানিয়ে স্বজন ও পরিচিতদের বার্তা পাঠানো হয়, যাতে তাকে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।