যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জন জামিনে ছাড়া পেয়েছেন।
তদন্ত চলমান থাকায় এবং এখনো কারও বিরুদ্ধে অভিযোগ গঠন না হওয়ায় তাদের জামিনে মুক্তি দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্ত। আর বাকী পাঁচ জনের পরিচয় জানা যায়নি।
মেট্রোপলিটন পুলিশ জানায়, গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।
গত ১৬ নভেম্বর রাতে চ্যাডওয়েল হিথের হাই রোডের মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ভেন্যুর বাইরে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এনসিপির নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় তারা। পুলিশকে জানানো হয়, সেখানে প্রায় ৫০ জন পুরুষ জড়ো হয়েছেন। তাদের কয়েকজন বিভিন্ন বস্তু ছুড়ছিলেন এবং সম্পত্তির ক্ষতি করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। তবে কেউ গুরুতর আহত হয়নি কেউ।
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের ২ ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি জানিয়েছেন, ওই দিনের সহিংসতার ঘটনায় রেডব্রিজের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলমান আছে।
সুশান্তের মোবাইল জমা রেখেছে পুলিশ
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন সুশান্ত দাস গুপ্ত। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আগামীর সময়কে জানালেন, ‘পুলিশ ফোন করে আমাদের ছয়-সাতজনকে থানায় যেতে বলেছিল। এর প্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টায় থানায় যাই। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টায় ছাড়া পেয়েছি।’
‘তদন্তের স্বার্থে ব্যবহৃত মোবাইল ফোনটি থানায় রেখে দিয়েছে। আর সেদিনের হামলার ঘটনা নিয়ে প্রায় ২৫০টির মতো প্রশ্ন করেছিল পুলিশ’-যোগ করেন সুশান্ত
সুশান্ত দাস গুপ্ত একসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামকে প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর পর নাহিদ ইসলাম ক্যামব্রিজ ও লন্ডনে দুই দফায় প্রতিরোধের মুখে পড়েন।
এদিকে ঘটনার সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে তা দিয়ে তদন্তে সহায়তা করার আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এ জন্য ১০১ নম্বরে ফোন করে CAD 7004/16NOV রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলেছে পুলিশ।