‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই আমার মৃত্যুর জন্য দায়ী। মা, তোমার সঙ্গে শেষ কথাটুকুও আর বলতে পারলাম না।’—ঘরের ভেতর থেকে উদ্ধার করা একটি চিরকুটে এমন কথাই লিখে গেছেন খোরশেদ হাওলাদার (২৫) নামের এক যুবক। চিরকুটের পাশেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের মুলাদীতে নিজ ঘরের দরজা ভেঙে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে চিরকুটটি পাওয়া যায়।
নিহত খোরশেদ উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের ছেলে। আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বাটামারা ইউনিয়নের পূর্ব রামচর বাজারে তার ক্রোকারিজের দোকান ছিল। স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য ১৫ দিন ধরে সন্তানসহ বাবার বাড়িতে ছিলেন। এরপর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন খোরশেদ। প্রতিদিন ভোরে বাইরে নাশতা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

খোরশেদের বন্ধু ও স্থানীয় গ্রাম পুলিশ বিপ্লব বলেন, বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েকজন বন্ধু একসঙ্গে আড্ডা দেন। পরে রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান খোরশেদ। বৃহস্পতিবার সারাদিন তার দোকান বন্ধ ছিল এবং মোবাইল ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না।
তিনি আরও বলেন, সন্দেহ হওয়ায় সন্ধ্যা ৬টার দিকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে খোরশেদের বাড়িতে যান বিপ্লব। সেখানে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদারকে খবর দেন। পরে তার উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোরশেদকে দেখতে পান তারা।
খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদার বলেন, ছোট ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকত। স্ত্রীর পা ভেঙে যাওয়ায় গত ১৫ দিন ধরে সে একাই বাড়িতে ছিল। বৃহস্পতিবার সকালে দোকানে চলে গেছে ভেবে বাড়ির লোকজন আর খোঁজ নেয়নি। সন্ধ্যায় বন্ধুরা এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ঘরের ভেতরে একটি চিরকুটও পাওয়া গেছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে খোরশেদের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার করা চিরকুট যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।