Image description

রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়ীতে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ছিটিয়ে আগুন নেভান। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

সবশেষ রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি যাত্রী নামিয়ে স্ট্যান্ডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও ওপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিস্তারিত আসছে....