গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। নতুন করে নাশকতা ও সহিংসতার আশঙ্কায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে পুড়িয়ে দেয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনই চালু হচ্ছে না। বন্ধ থাকা ট্রেন যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও আপাতত কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি গোপালগঞ্জে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম। এরই মধ্যে গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের সূত্র জানায়, গোপালগঞ্জের সামপ্রতিক সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে আটক করে।
আটক আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ই আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।
সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে আগামী মাসে গোপালগঞ্জে নতুন করে হামলা-ভাঙচুর ও নাশকতার আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ কারণে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সামপ্রতিক সহিংসতার পর স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা বিবেচনায় নিয়ে এ নজরদারি করা হচ্ছে।
গত ১৫ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর থেকেই গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা চালুর বিষয়ে ভাবছে না সরকার। ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ট্রেন চালু না করার পরামর্শ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আবারো হামলা-ভাঙচুরের ঘটনা ঘটতে পারে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
একইভাবে পুড়িয়ে দেয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগিরই চালু হচ্ছে না। সচিবালয় সূত্র জানায়, থানা দু’টি চালুর জন্য স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ অনুরোধ করছেন। তবে পুনরায় কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে। বর্তমানে এ দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেছেন, পুড়ে যাওয়া থানা দু’টির সংস্কারকাজ শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও এখনো চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদ মানবজমিনকে বলেন, এসব বিষয়ে তার জানা নেই। তবে খুব দ্রুতই ট্রেন যোগাযোগ চালু হচ্ছে না বলে মনে হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এসব বিষয়ে ভালো বলতে পারবেন।
এদিকে গোপালগঞ্জে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ আপাতত ছাড় না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে অর্থসহায়তা দেয়া হয়, তার তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেই বাসের তুলনায় ট্রেনে বেশি যাতায়াত করেন। ট্রেনে ঢাকায় যেতে সময় ও খরচ দু’টিই কম লাগে। ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। ২৩শে নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষের ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ওই সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
গোপালগঞ্জে বিএনপি’র ছয় নেতার পদত্যাগ: এদিকে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি’র ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন- সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের পদসহ প্রাথমিক সদস্যপদ ছেড়েছেন। তারা বিএনপি’র সব সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগকারী ছয় নেতা দাবি করেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেয়া। এতে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব নেই।