Image description

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সার্জেন্ট মুজাহিদুল ইসলাম সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখার অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে সরাসরি জানতে চাইলে কমিশনার পুনরায় বলেন, ‘মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার কারণেই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অভিযুক্ত ওই কর্মকর্তাকে গ্রেপ্তার বা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, তাকে কেবল সাময়িক বরখাস্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়নি।

এর আগে, গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়।