মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ের পর রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক সমাধানের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি জটিল না করারও আহ্বান জানায়।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে রাখাইনের উত্তরাঞ্চলে সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে। আদালত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এবং আরও লঙ্ঘন ঠেকাতে ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন স্বীকার করেন, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তিনি এসব সংস্থাকে সতর্কতার সঙ্গে ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান।
বেইজিংয়ে সাংবাদিকদের গুয়ো বলেন, এখতিয়ারের অতিক্রম ও ব্যাপক ব্যাখ্যা নিয়ে চীনের উদ্বেগ আছে। আমরা মনে করি, সংশ্লিষ্ট পদক্ষেপ বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয়।
মুখপাত্র বলেছেন, রাখাইনের পরিস্থিতির জটিল ঐতিহাসিক, জাতিগত ও ধর্মীয় প্রেক্ষাপট আছে এবং এর ব্যাপক সমাধান দরকার। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একসঙ্গে কাজ করা, যাতে বিষয়টি জটিল না হয়। গুয়ো আরও বলেন, পক্ষগুলোর মধ্যে সংলাপ ও যোগাযোগ এগিয়ে নিতে এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত।
সূত্র: আনাদোলু এজেন্সি