Image description

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) এই হামলার মধ্যে প্রতিবেশী পোল্যান্ডের দক্ষিণ-পূর্ব কোণে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে জানা গেছে। ন্যাটোভুক্ত দেশটি ঘটনাকে মস্কোর ‘উসকানি’ বলে অভিযোগ করেছে। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অজ্ঞাত একটি বস্তু পড়ার খবর তদন্ত করছে পোলিশ কর্তৃপক্ষ।

 

পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড (ডিওআরএসজেড) সকাল ৭টা ৭ মিনিটে ‘অজ্ঞাত আকাশযানের মাধ্যমে পোলিশ আকাশসীমা লঙ্ঘনের সন্দেহের’ কথা জানায়। এলাকা নিরাপদ করতে ও পতনস্থল শনাক্ত করতে স্থলদল পাঠানো হয়। কমান্ডের এক মুখপাত্র পরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপিকে বলেন, বস্তুটি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র বা জেট-চালিত ড্রোন হতে পারে।

লুবলিনের প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের দারিউস জিয়াউো নিশ্চিত করেন, বিলগোরাই জেলার কিসিওঁজপোল কমিউনের লিপোভিয়েচের মাঠে একটি বস্তু পড়ে আগুন ধরে গেছে। সামরিক বিমান তৎপরতার কারণে রেজেসুভ বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। অবকাঠামোমন্ত্রী দারিউস ক্লিমচাক জানান, এই প্রথম বিমানবন্দরটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার খালি করা হয়েছে।

‘উসকানি’ বলছেন টাস্ক

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাকে উসকানি আখ্যা দিয়ে বলেন, পোল্যান্ডের দিকে ছুটে আসা অস্ত্রগুলো ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে। তার মতে, এ কারণেই ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পোল্যান্ডের থাকা উচিত। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভবিষ্যৎ আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্বের জন্য বেছে নেওয়া পাঁচ দেশের একটি পোল্যান্ড।

 

ওয়ারশতে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, পোল্যান্ডের ভূখণ্ডে (সামরিক) মহড়া চলছে, এই উসকানির সঙ্গে সেটির সম্পর্ক থাকতে পারে। কেউ বলতে পারবে না যে এটি নিছক নির্দোষ কাকতালীয় ঘটনা।

ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামসহ ইউরোপের অন্য নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রাসেলসে সাংবাদিকদের বার্নহাম বলেন, পোলিশ আকাশসীমায় এই অনুপ্রবেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, আমি এর নিঃশর্ত নিন্দা জানাই। ব্রিটেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী (ডোনাল্ড) টাস্ক ও পোলিশ জনগণের প্রতি দৃঢ় সংহতি জানাচ্ছি। আমরা সব সময়, যেভাবে সম্ভব, তাদের পাশে থাকব।

 

ন্যাটো মহাসচিব মার্ক রুটে শনিবার ওয়ারশতে থাকবেন। তিনি পোলিশ আকাশসীমার গুরুতর লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লিয়েন পোল্যান্ডের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন। ব্রাসেলসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পোলিশ আকাশসীমা লঙ্ঘনেরও তীব্র নিন্দা জানাতে চাই। আমরা পোলিশ জনগণের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনাটি দেখায় আলোচনায় রাশিয়া কতটা অগম্ভীর। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রুশ প্রজেক্টাইল দিয়ে পোলিশ আকাশসীমা লঙ্ঘন স্পষ্ট করছে আলোচনার ইচ্ছা না দেখিয়ে (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন সংঘাত চালিয়েই যাচ্ছেন।

সূত্র: উইয়ন নিউজ