জার্মানিতে আবারও রাজপথে নেমেছেন জেন-জি (জেনারেশন জেড) প্রজন্মের তরুণেরা। শিক্ষা, ভবিষ্যৎ কর্মসংস্থান, বাধ্যতামূলক সামরিক সেবা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তারা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনসহ পুরো জার্মানিতে জেন জি রেগেল্ট নামের একটি সংগঠন এই বিক্ষোভ করে। বিক্ষোভে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ রয়েছে।
জার্মান সংবাদমাধ্যম জেডডিএফের প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের আলেকজান্ডারপ্লাল্টস এলাকায় প্রায় দুই হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছেন। তাদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে ১ হাজার ৬০০ পুলিশ সদস্য।
এবারের আন্দোলনে তরুণদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু বন্ধ করা, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, মূল্যস্ফীতি, আবাসনসংকট সমাধান ও ভবিষ্যৎ পেনশনব্যবস্থা চালু করা। তাদের অভিযোগ, এসব বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তরুণদের মতামত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
জানা গেছে, দেশজুড়ে ৭৩টি শহরে বিক্ষোভ করা হয়েছে। আয়োজকদের হিসেবে এসব কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন। এছাড়া জার্মানির জাতীয় শিক্ষার্থী প্রতিনিধিদের সংগঠন ফেডারেল স্টুডেন্ট কনফারেন্সও আজ পৃথক বিক্ষোভের আয়োজন করে। তাদের দাবির মধ্যে রয়েছে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের ওপর চাপ কমানো এবং বিদ্যালয়ে সমাজকর্মীর সংখ্যা বাড়ানো। বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট এলাকায় এ কর্মসূচিতে পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ করে।
গত ৩১ অক্টোবরও জার্মানির বিভিন্ন শহরে জেন-জি প্রজন্মের তরুণেরা বিক্ষোভ করেছিলেন। সেদিনের কর্মসূচি মূলত শান্তিপূর্ণ থাকলেও পরে ফ্রাঙ্কফুর্টসহ কয়েকটি শহরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এবার তাই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।