সরকারি দায়িত্ব ও ব্যস্ততার বাইরে এবার ফুটবল মাঠে দেখা গেল পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। তার অংশগ্রহণে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাল ও সবুজ দলের এই লড়াইয়ে ৪-২ গোলে জয় পায় লাল দল।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। লাল দল ও সবুজ দলের হয়ে সাবেক ফুটবলাররা খেলায় অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাল দল ৪টি গোল করে। অন্যদিকে সবুজ দল করে ২টি গোল। ফলে ৪-২ গোলে জয়লাভ করে লাল দল।
মাঠে নেমে সাবেক ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরকারি দায়িত্বের বাইরে তার এমন ক্রীড়ামুখী অংশগ্রহণ উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি করে। সাবেক ফুটবলারদের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে প্রীতি ম্যাচটি পরিণত হয় এক মিলনমেলায়।
খেলায় আরও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ সাবেক ফুটবলাররা।
খেলা শেষে বিজয়ী দলের অংশগ্রহণের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। এর মাধ্যমে একটি সুস্থ ও সক্ষম জাতি গঠন করতে চায় সরকার। একটি সুস্থ জাতিই দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, সিলেট স্টেডিয়ামে সিলেটের বিশিষ্ট নেতারা ও ক্রীড়া সংস্থার সদস্যদের সঙ্গে খেলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শরীর সুস্থ ও ফিট রাখতে সবার খেলাধুলা করা উচিত। প্রত্যেকেরই খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন। আজকের আয়োজনে অনেক সাংবাদিক ও সহকর্মী মাঠে নেমেছেন। তাদের সঙ্গে খেলায় অংশ নিতে পেরেও আমি আনন্দিত হয়েছি।
তিনি আরও বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কেন্দ্রীয়ভাবে তার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ও উদ্যোগ নেওয়া সম্ভব, তা করবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।