Image description

দক্ষিণ ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শত শত নারী। অধিকারকর্মীরা এই পদক্ষেপকে তালেবান-ধাঁচের লিঙ্গভিত্তিক বিভাজনের সঙ্গে তুলনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

বিক্ষোভে প্রায় ৪০০ নারী যোগ দিয়েছেন। তারা শিক্ষকদের স্বপদে ফেরানোর দাবি জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রীদের পরিবারের অনুরোধে নারী-পুরুষের মেলামেশা প্রতিরোধে তারা এ ব্যবস্থা নিয়েছে।

শিক্ষার্থীরা বলেছেন, এই সিদ্ধান্তে তাদের স্নাতক প্রকল্প ও গবেষণা ব্যাহত হয়েছে। এ পর্যায়ে তত্ত্বাবধায়ক বদলালে কাজ শেষ করা কঠিন হবে। আপত্তি থাকলে কর্মকর্তারা তাদের ঝরে পড়তে বলেছেন।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেছে, যেন তারা অপ্রাপ্তবয়স্ক, যে তাদের নিজেদের একাডেমিক জীবনে প্রভাব ফেলা সিদ্ধান্তে আপত্তির অধিকার নেই।

 

আফগানিস্তানের সঙ্গে তুলনা

 

এই বিতর্ককে আফগানিস্তানের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে তালেবান সারা দেশে নারী ও মেয়েদের শিক্ষায় আরও ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে তালেবান মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া নিষিদ্ধ করে, পরে তা বিশ্ববিদ্যালয়েও বিস্তৃত করে। ইউনেসকোর মতে, আফগানিস্তানই একমাত্র দেশ, যেখানে নারী ও মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। সংস্থাটির হিসাবে ২৪ লাখ মেয়ে মাধ্যমিক স্কুল থেকে বাদ পড়েছে।

ইউনেসকো অবিলম্বে ও শর্তহীনভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির জরুরি অবস্থায় শিক্ষা কর্মসূচির সমন্বয়ক হোদা জাবেরিয়ান বলেন, নিষেধাজ্ঞায় মেয়েরা প্রায় পুরো একটি মাধ্যমিক স্কুলচক্র হারিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে