Image description

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের আবাসিক ও বাণিজ্যিক এলাকা মধ্য বাড়েরায় মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়েরা বাজারে যাচ্ছিলেন। মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে জামানের মোটরসাইকেলের
গতিরোধ করে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসানসহ কয়েকজন ব্যক্তি। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থি অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একাধিক টিম কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’