পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যার হাতেই ছিল ক্ষমতা ও অপরাধীদের গ্রেপ্তারের চাবিকাঠি, আজ সেই কর্মকর্তার হাতেই ঝুলছে হাতকড়া। যার নির্দেশে গ্রেপ্তার হতেন অপরাধীরা, তাকেই এখন যেতে হয়েছে রিমান্ডে। এমন ঘটনায় যেন নাড়া দিয়েছে দেশজুড়ে। এদিকে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম।
গত শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি নথিভুক্ত হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত দল নগরের পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার চতুর্থ আদালতে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহী অপরাধ ও রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপের অভিযোগে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে।
পুলিশ তার সাত দিনের রিমান্ড চেয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কী প্রতিবেদন দেওয়া হবে, তা তদন্তসংশ্লিষ্টদের বিষয়। আদালতে তার পক্ষে কেউ জামিন আবেদন করেননি বলেও জানান তিনি।
মুঠোফোনের দুই বার্তায় কী ছিল?
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাহাংগীর আলমকে তলব করেন ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। একটি রাষ্ট্রদ্রোহের এবং অন্যটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানির। তার মুঠোফোনে এমন দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে, যেগুলোতে রাষ্ট্রদ্রোহের উপাদান রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
ডিআইজি বলেন, একটি বার্তায় ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আগের সরকারকে পুনর্বাসনের ইঙ্গিত রয়েছে। অন্য একটি বার্তায় ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে—এমন কথা বলা হয়েছে। এসব বার্তার ভিত্তিতে প্রাথমিকভাবে মামলা করার উদ্যোগ নেওয়া হয়। মামলাটি যথানিয়মে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়।
মামলার এজাহারের বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে’ বলে উল্লেখ ছিল। একই বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নামা এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার প্রসঙ্গও ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘এ রকম আরও কিছু কথাবার্তা রয়েছে।’
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে বরাতে কালবেলার হাতে আসা তথ্যে জানা গেছে, ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ইংরেজিতে লেখা একটি মেসেজ যায় জনৈক ব্যক্তির কাছে। সেখানে লেখা ছিল,, ‘Dear sir Best wishes for you. Inshallah Bangladesh will be restored to previous state in December. Stay fine sir. Regards sir.’।
পরে রাত ৯টা ৫৭ মিনিটে একটি মেসেজ আরও একটি মেসেজ যায়। এতে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষায় মিলে মেসেজ আদান-প্রদানের প্রমাণ। তদন্তেও তথ্যপ্রমাণ উঠে আসে।
পুলিশ কর্মকর্তারা বলছিলেন, জাহাংগীর আলম মেসেজগুলো পাঠিয়েছিলেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটির নাম ‘Daydreamer’। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল কি না—এ বিষয়ে মুখ খুলছেন না কেউই।
বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, প্রাপক কে ছিলেন কিংবা পুলিশের অভ্যন্তরীণ কোন ধরনের তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
রাষ্ট্রদ্রোহের মামলা যেভাবে নথিভুক্ত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি মামলার এজাহার পাওয়ার পর তারা দেখতে পান, এটি রাষ্ট্রদ্রোহের মামলা। পাঁচলাইশ থানায় মামলা রুজুর আবেদন করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহের মামলার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুযায়ী সরকারের পূর্বানুমোদন প্রয়োজন। সে অনুযায়ী অনুমোদন নেওয়ার পর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
তিনি বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে ছিলেন। মামলাটি তদন্ত করবে এসআরইউ। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়।
‘ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে’
তবে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মাসুমা আক্তার। রোববার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারও লবিংয়ে নয়। তার মুঠোফোন হ্যাক হয়েছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমার স্বামী ইংলিশে অনার্স-মাস্টার্স করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। মেধাতালিকায় ১১তম হয়েছিলেন। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারও লবিংয়ে নয়। তিনি কোনোদিন ছাত্রলীগ বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে ফাঁদে ফেলা হয়েছে। সব মিথ্যা অভিযোগ।’
জাহাংগীর আলম ৫ আগস্ট কোথায় ছিলেন, সে বিষয়ে স্ত্রী বলেন, ‘আমার স্বামী ৫ আগস্ট ঢাকায় পুলিশ সদর দপ্তরে ছিলেন। তাকে ফেনীতে ছিলেন বলে যে অভিযোগ করা হচ্ছে, আপনারা তদন্ত করে দেখেন। আমার স্বামী নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়।’
মুঠোফোন হ্যাকের বিষয়ে মাসুমা আক্তার বলেন, ‘মোবাইল দিয়ে যোগাযোগের যে অভিযোগ করা হচ্ছে, সেটিও আপনারা যাচাই করে দেখেন। মোবাইল হ্যাক হওয়ার পরদিন থানায় জিডি করা হয়েছিল। জিডির কপি আছে, তবে তারিখ মনে নেই।’
জাহাংগীর আলমের বাবার নির্দেশে রাজনীতি করার অভিযোগও অস্বীকার করেন তার স্ত্রী। তিনি বলেন, ‘আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। আপনারা তার চাকরির ফাইল ও বায়োডাটা দেখবেন। তার বাবা একজন গরিব কৃষক ছিলেন। কৃষকের ছেলে আমার স্বামী নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছেন। তার বাবা ১২-১৩ বছর আগে মারা গেছেন। বাবার নির্দেশে রাজনীতি করার যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা।’
মাসুমা আরও বলেন, ‘আমার স্বামী আদালতে বলেছেন, তিনি নির্দোষ। তিনি কোনো দোষ করেননি। আপনারা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুন।’
উল্লেখ্য, জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। গ্রেপ্তারের আগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।