চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে ৪-৫ টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এই সংঘর্ষ হয়।
আহতরা হলেন– শফিক আলী, খলিলুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল ইসলাম, রাসেল আলী ও আবুল হায়াত। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের বর্তমান ইমাম আব্দুল লতিফকে নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। জুমার নামাজে তাঁকে রাখার বিষয়ে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। নামাজ শেষে কণ্ঠভোটে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে বহালের পক্ষে মত দেন। এ নিয়ে অন্যপক্ষের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর অন্তত পাঁচটি বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুরের শিকার আপেল হোসেনের স্বজনের অভিযোগ, তাঁর বাড়িতে হামলা করে ৭ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার লুট এবং মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, দুপক্ষের পাল্টাপাল্টি হামলার খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।