ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ নভেম্বর) ক্ষতিগ্রস্ত আলী মিয়ার বাড়ি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি ঘর পুনর্নির্মাণের জন্য পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন।
আতাউর রহমান সরকার বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে সব সময় মানুষের দুর্যোগ ও সংকটে পাশে থাকার চেষ্টা করে। আল্লাহ তাদের সামর্থ্য ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা দিয়েছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষের উচিত বিপদে একে অপরের পাশে দাঁড়ানো। এ ধরনের সহযোগিতার মাধ্যমে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি ঈমানের তাগিদেও ভূমিকা রাখা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান হোসেন সরকার, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. রুহুল আমিন, জামায়াত নেতা হাফেজ ফরহাদ হোসেন এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুর রউফসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে কাজী ইয়াকুব আলী বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খবর পেয়ে আতাউর রহমান সরকার ঢাকা থেকে ছুটে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। জামায়াতের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।