Image description

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার মধ্যেই এ কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত।

আগামী সপ্তাহে ভারত ও বাংলাদেশের মধ্যে কনস্যুলার সংলাপের পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানান জয়সোয়াল।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা চলছে। বিদ্যমান যোগাযোগ ও আলোচনার মাধ্যমগুলো ব্যবহার করে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।

জয়সোয়াল আরও বলেন, পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থার বিষয়টিও আলোচনায় আসবে। কারিগরি পর্যায়সহ বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।