Image description

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও তাঁর ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কোম্পানীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে আসামিদের আদালতে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন– শামছুর রহমান টিপু (৬২) ও তাঁর ছেলে খান শিহাবুর রহমান শিহাব (৩২)। টিপু বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। আর শিহাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজবাড়ি থেকে টিপু ও শিহাবকে গ্রেপ্তার করা হয়।