Image description

এবারের সংসদে নারীরা পুরুষ সদস্যদের চেয়ে অনেক বেশি স্মার্ট ও যোগ্য বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, এবার সংসদে নারী সদস্যদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাঁদের জ্ঞান, ব্যক্তিত্ব, কথা বলার ধরন ও সংসদীয় আচরণে তিনি মুগ্ধ।

নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে স্পিকার বলেন, ‘এখনকার নারীরা অনেক স্মার্ট ও যোগ্য। তাঁরা সরাসরি নির্বাচনে অনেক পুরুষ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন। আগামী নির্বাচনে নারীদের সরাসরি নির্বাচনে সুযোগ দেওয়া উচিত। আগের মতো সংরক্ষিত নারী আসনের প্রয়োজন নেই।’

স্পিকার বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়। তাঁরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। তাঁর মতে, এভাবেই নারীর প্রকৃত রাজনৈতিক সক্ষমতা প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, এই প্রতিষ্ঠানের গৌরবময় অধ্যায়গুলোর একটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সংগঠনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সচিবালয়। মুক্তিযুদ্ধ পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য গঠিত হয়েছিল সংগ্রাম পরিষদ।

তিনি বলেন, ১৭ এপ্রিল পর্যন্ত বরিশালে এই সংগ্রাম পরিষদ ও সচিবালয় দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে স্পিকার বলেন, যে প্রতিষ্ঠান তাঁদের গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাঁদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেকেই আর্থিকভাবে সচ্ছল নয়। তাঁদের পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।