কুমিল্লা নগরে আবু কাউসার (৪৩) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তৌহিদ নামে এক ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাসুম নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
নিহত আবু কাউসার কুমিল্লা নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তাদের বাড়ি নগরীর কাপ্তান বাজার এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, বন্ধুর কেনা জমি দেখতে শুক্রবার সকালে গোমতী নদীর পাড়ে গিয়েছিলেন কাউসার। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, কাউসার জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তাদের পরিবারের প্রভাব রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বড় ভাই কবির হোসেন জানান, কাউসারের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নন্দিরবাজার এলাকার তৌহিদ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে তার সন্দেহ। ব্যবসায়িক কাজে তৌহিদের সঙ্গে কাউসারের বিরোধ ছিল বলেও জানান কবির হোসেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজনের বাড়িতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।