Image description

রাজধানীর মোহাম্মদপুরে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক। তার সন্ধান চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী চিকিৎসক কল্পনা হালদার।

দুলাল কান্তি ভৌমিক মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হন তিনি। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন।

 

পরিবারের সদস্যরা জানান, দুলাল কান্তি ভৌমিক বাসার আশপাশের এলাকা ভালোভাবে চেনেন। তাই পথ ভুলে তার নিখোঁজ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তারা। পরিবারের জানামতে, তার সঙ্গে কারও শত্রুতা নেই।

দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করছে। পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে। নিখোঁজের সময় দুলাল কান্তি ভৌমিকের কাছে মোবাইল ফোন ছিল না। তার পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।