Image description

রাজধানীর বাংলামোটরে ওষুধ ব্যবসায়ী সোহানকে (৪৫) অস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে সায়মন ও তার দুই সহযোগীকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। আহত সোহান মামলা করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।

এর আগে রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে সোহানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোহান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের গলিতে সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সায়মন পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে সায়মন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সায়মন ও তার সহযোগীরা একটি ভবনে ঢুকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়।

সোহান বাংলামোটর এলাকায় একটি ওষুধের দোকান পরিচালনা করেন। তিনি নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর স্থানীয়রা রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের গলিতে জড়ো হয়ে হামলার প্রতিবাদ করছেন।

স্থানীয়রা জানান, আগের একটি বিরোধের জেরে সোহানের সঙ্গে সায়মনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সায়মন অস্ত্রের বাট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন। পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।