Image description

প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। আসন্ন স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কার্যালয়ে সিইসির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, এআরএম জাফরুল্লাহ চৌধুরী, মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী ও দফতর সম্পাদক মো. মিরাজ খান।

সাংবাদিকদের ব্রিফিংয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাস করেন। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন এবং নিজ নিজ এলাকার পরিবার, সম্পত্তি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রয়েছেন। কিন্তু বিদেশে অবস্থানের কারণে তারা স্থানীয় সরকার নির্বাচনে কার্যকরভাবে ভোট দিতে পারেন না।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত কোনও নাগরিকের নাগরিকত্ব ও নিজ এলাকার সঙ্গে তার সম্পর্ক বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী যোগ্য ও নিবন্ধিত প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

স্মারকলিপিতে লেবার পার্টির দাবির মধ্যে রয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের সর্বস্তরে যোগ্য প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা; আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োগ করা; এনআইডি ও ভোটার তথ্যের মাধ্যমে প্রবাসী ভোটারের নিজস্ব নির্বাচনী এলাকা নির্ধারণ করা; অনলাইন নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা; ব্যালট প্রেরণ, ফেরত গ্রহণ ও গণনায় স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য ব্যবস্থা নিশ্চিত করা; দ্বৈত ভোট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন করা।

এ ছাড়া বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের ভোটিং বিষয়ে তথ্য সহায়তা প্রদান, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশ, প্রয়োজন হলে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোটিং চালু এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে।

লেবার পার্টি অবিলম্বে নির্বাচন কমিশনকে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।