Image description

রাজধানীর খিলক্ষেত থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। পরবর্তীতে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে শিশুটিকে নির্যাতন ও তার কান্নার শব্দ শোনানো হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে অভিমান করে বের হয়ে যায় নাঈম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।

নিখোঁজ নাঈম নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামের মো. বাবুল ইসলাম ও শরীফা খাতুন দম্পতির ছেলে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করছেন।

নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার বিকেলে ৬ বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ নিয়ে মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ওই সময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি শিশুটিকে উদ্ধারের জন্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে আবেদন করা হয়েছে।

এসআরবির কাছে করা আবেদন সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারকে ফোন করা হয়। ফোনে ওই ব্যক্তি জানায়, নাঈম তাদের হেফাজতে রয়েছে।

এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শুনতে পায় পরিবার। অজ্ঞাত ব্যক্তিটি তখন জানায়, নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখা হয়েছে। তবে ওই ফোনকলের পর থেকে নম্বরটিতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, নাঈম নামের ওই শিশু নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছি।