Image description

রংপুরের বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নাটারাম শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও হয়ে গেছে। টিনশেডের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম। প্রখর রোদ আর ভ‍্যাপসা গরমে নাকাল হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ২০২২ সালে ১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৭৯ টাকার টেন্ডার আহ্বান করা হয়। ওই টেন্ডারের মাধ্যমে কাজ পায় মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ। ২০২৩ সালের কাজের মেয়াদ শেষ করার কথা থাকলেও কাজ না করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। পরে ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হওয়ায় চুক্তি বাতিল হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পিলারের বড় বড় গর্ত এখন বৃষ্টির পানিতে ডোবায় পরিণত হয়েছে। যেকোনো সময় প্রাণহানি ঘটনার আশঙ্কা রয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

সহকারী শিক্ষকরা জানান, ভবন নির্মাণকাজ দ্রুত শেষ হবে এমন আশায় ছিলেন তারা। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় টিনের বেড়া দিয়ে ঘরে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। অভিভাবকরাও দ্রুত নির্মাণকাজ শুরু করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিক জানান, বিদ‍্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরুর এক মাস পরেই হঠাৎ করে লাপাত্তা হয়ে যান ঠিকাদার। তিনি জানান, নতুন করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান সুলতানা বলেন, শিগগিরই বিদ‍্যালয়ের ভবন নির্মাণের কাজের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।