Image description

ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেনকে প্রকাশ্যে শনিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে রাজধানীর শনির আখড়ায় আসলাম খান নামে এক ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে স্কচটেপ লাগানো ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে অটোরিকশা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় প্রধান শিক্ষিকার। ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা আবাসিক এলাকাÑ এমনকি নিজ ঘরেও নিরাপদ বোধ করছেন না দেশের সাধারণ মানুষ।

দিনে-দুপুরে ব্যাংকের টাকা ছিনতাই, প্রকাশ্যে গুলি, সশস্ত্র মহড়া, বোমা উদ্ধার কিংবা পরিত্যক্ত অবস্থায় লাশ উদ্ধারÑসাম্প্রতিক একের পর এক নৃশংস ঘটনায় সারাদেশে নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সাথে টার্গেট কিলিং, চুরি, ধর্ষণ, সাইবার ক্রাইম, মারামারি, কিশোর গ্যাং এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ঘটনা যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ, র‌্যাব ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা।

অপরাধ ও সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতাই আইন-শৃংখলা অবনতির বড় কারণ। সঠিক মনিটরিং না থাকায় অপরাধ সংঘটিত হওয়ায় পর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অপরাধীরা। একই সাথে পুলিশের চেইন-অব কমান্ড ঠিক না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ কার্যকর হচ্ছে না। অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশ কিংবা মাঠ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা নিষ্ক্রিয় থাকায় বেপরোয়া হয়ে উঠেছে পেশাদার অপরাধীরা। যার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার ইনকিলাকে বলেন, হঠাৎ করেই আইন-শৃঙ্খলার অবনতি ঘটেনি। গণআন্দোলন পরবর্তী আইন-শৃংখলার সার্বিক উন্নতি হয়নি। পুলিশের মনোবল ভেঙ্গে গেছে। যা পূরণ করতে ব্যর্থ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশে প্রতিনিয়ত অহরহ অপরাধ হচ্ছে। অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। অপরাধীরা যখন দেখে অপরাধ করেও তারা পার পেয়ে যাচ্ছে তখন নতুনরাও অপরাধে জড়িয়ে পড়তে উৎসাহী হয়। এছাড়া রয়েছে সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা। বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাবে যুবকরা নেশাগ্রস্তসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞানী ড. মাহমুদুল হক বলেন, অপরাধ বৃদ্ধির মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো সামাজিক অস্থিরতা, দারিদ্র্য, শিক্ষা এবং কর্মসংস্থানের অভাব। যখন সমাজে মানুষের কাছে ভবিষ্যতের কোনো নিরাপত্তা থাকে না, তখন তারা অপরাধের দিকে ঝুঁকে পড়তে পারে। তবে, সঠিক আইন প্রয়োগ, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

আইন-শৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ২০ মিনিটে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা ব্যবসায়ী আসলাম খানকে গুলি করে। গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গুলিবিদ্ধ হয়ে আসলাম মেঝেতে পড়ে যান। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, ওই দুর্বৃত্তের গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি লাগে। এ ঘটনায় স্থানীয় জনগণ দুর্বৃত্ত মনজুরুলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনার পর পুরো পুরান ঢাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ৪ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে স্কচটেপ লাগানো ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সর্বাধুনিক প্রযুক্তির নিরপত্তা এবং কেøাজ সার্কিট ক্যামেরার আওতভুক্ত স্পর্শকাতর এলাকায় এভাবে লাশ ফেলে যাবার ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ৩০ আগস্ট ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেয়ায় অটোরিকশা থেকে পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

রনজিনা পারভীন (৫৫) নামে ওই শিক্ষিকা ‎রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার হয়েছে। তবে উদ্ধারকরা মোটর সাইকেলের রং নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। গত ২৯ আগস্ট ঢাকার কদমতলী বড়ইতলা ভাঙ্গা ব্রিজের এলাকায় ছিনতাইকালে টার্গেট ব্যক্তিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। কিন্তু ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী নড়াচড়া করতেই ছুরির আঘাত লাগে অপর ছিনতাইকারীর গায়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছুরিকাহত ছিনতাইকারী। 

৯ আগস্ট উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকার বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় র‌্যাব ও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পুরো টাকা এখনো উদ্ধার হয়নি। সেই ঘটনার কয়েকদিন পরেই উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের দুটি ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা বেগম (১৭), সিপা আক্তারকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। এখন ওই পরিবারের একমাত্র সদস্য সিফাত। পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদারকে (৩০) আটক করে পিটুনি দেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত ২২ আগস্ট রংপুর নগরীর একটি তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন। যা নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনার তৈরি হয়। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য সড়কে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় মোহাম্মদ করিম নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা।

১৩ জুন দুপুর দেড়টার দিকে হাজারো মানুষের সামনে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে গুলি করে হত্যা করা হয় রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) কে। অস্ত্রধারী দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় বা প্রকাশ্যে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১২ আগস্ট দপুরে সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় ব্যবসায়ী আবদুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২০) খুন হন। ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটায় নদী থেকে অজ্ঞাত এক যুবতীর এবং একই দিন রাতে দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রী ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির সাংবাদিকদের বলেন, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা সম্ভব হয় না। পরে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেখানে অপরাধ সংঘটিত হচ্ছে, দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে। সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না।