Image description

প্রবাসীদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ বিষয়ে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বুধবার ওসমানীনগর উপজেলা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে তাদের বাড়িতে আনসার সদস্য নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

তিনি জানান, বিষয়টি নিয়ে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। সব দিক বিবেচনা করে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কেও কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, মহাসড়কের নির্মাণকাজ চলমান রয়েছে এবং অধিকাংশ এলাকায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া ও সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলছে। ক্ষতিপূরণের আবেদনকারী জমির মালিকরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারবেন।

এদিকে, ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

সফরকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।