কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ তৈরি বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হবিবর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে বাংলা মদ তৈরি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও বিপুল পরিমাণ প্রস্তুতকৃত বাংলা মদ জব্দ করা হয়। এ সময় মাদক তৈরির কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে কারখানার মূলহোতা ও অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হবিবর রহমানকে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, মূল অভিযুক্ত আব্দুল কাদের পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।