Image description

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতার বাড়িতে মানববর্জ্য নিক্ষেপের ঘটনা ঘটেছে। উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের বাড়িতে বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 
 

তার পরিবারের দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

জাকির হোসেন কচুয়াই ইউনিয়নের আজিমপুর ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির বাসিন্দা। 

বিএনপি নেতার স্ত্রী খুরশিদা বেগম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাতের আঁধারে বাড়িতে মানববর্জ্য নিক্ষেপ করা হয়। এটি আমাদের পরিবারকে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে অপমানিত করার অপচেষ্টা করা হয়েছে। 

তিনি জানান, ঘটনার খবর পেয়ে তার স্বামী জাকির হোসেন পটিয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

ঘটনাকে কেন্দ্র করে কচুয়াই ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

কচুয়াই ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু কারও বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।