ঝিনাইদহ সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে মিষ্টির প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার চরখাজুরা গ্রামের 'ঝিনুক মালা আবাসন প্রকল্প' এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন এবং সপ্তাহখানেক আগে ঝিনাইদহের ওই আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে রিকশাচালক বিল্লাল হোসেন আবাসনের এক বাসিন্দার সাত বছরের কন্যাসন্তানকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন ও ১০ টাকার নোট দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বিল্লাল হোসেনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে।
ঘটনার পর বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।